নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে গ্রেড পুননির্ধারণের দাবিতে আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ওইদিন তারা দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষা বর্জন করবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতির পাশপাশি দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করবেন। বৃহস্পতিবার দেশের প্রধান জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও বৈঠক করবেন শিক্ষকরা। সেইসঙ্গে ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশও করা হবে। যাতে শিক্ষক সমিতির প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে দেয়া হবে।’
তিনি জানান, প্রস্তাবিত বেতন স্কেলের কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ১৪ মে থেকে আন্দোলন করে আসছেন। যার অংশ হিসেবে গত তিন রোববার তিন ঘণ্টা করে কর্মবিরতিও করেন। কিন্তু তাতেও কোনো ফলাফল না পেয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আলোচনা করে এ কর্মসূচি দেয়া হয়েছে। এরপর বিএসএমএমইউ- এর হাফিজুর রহমান মিল্টন হলে ‘উপাচার্য পরিষদ’ নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেন। পরিষদও তাদের কর্মসূচিতে সম্মতি জানিয়েছেন বলে জানান এই শিক্ষক নেতা।

