নিজস্ব প্রতিবেদক : বেআইনিভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শামসুল আলম বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা প্রথমে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টাকে দাম কমানোর জন্য খোলা চিঠি দিয়েছি। তাতে কোন সাড়া পাইনি।
তিনি বলেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করব। তারপরও বিইআরসি যদি দাম না কমায় তাহলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
তিনি আরো বলেন, এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর সদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্থগিত করা হয়। ক্যাব আশা করছে এবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেআইনিভাবে দাম বাড়ানোর এই আদেশ প্রত্যাহার করা হবে।
শামসুল আলম বলেন, বিইআরসির আইনে স্পষ্ট করে বলা হয়েছে। কোন কোম্পানি যদি মুনাফায় থাকে তাহলে কোন অবস্থাতেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারবে না। আর দেশের গ্যাস খাত আগে থেকেই মুনাফায় রয়েছে। কিন্তু তারপরও বেআইনি প্রস্তাবগুলো আমলে নিয়েছিল বিইআরসি। আমরা তখনই বিরোধীতা করেছিলাম। কিন্তু তারপরও বিইআরসি দাম বাড়িয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্যাবের নির্বাহী কমিটির সদস্য এম মোসাব্বের হোসেন, ড. শাহনাজ চৌধুরী প্রমুখ।

