স্পোর্টস ডেস্ক : ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা ইউএস ওপেনের নারী এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর এই টেনিস খেলোয়াড়।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় রাউন্ডে স্বদেশি বেথানি ম্যাটেক-স্যান্ডসকে ৩-৬, ৭-৫, ৬-০ গেমে হারান যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা। চতুর্থ রাউন্ডে আরেক স্বদেশি ম্যাডিসনের বিপক্ষে খেলবেন তিনি।
একই দিনে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডে বেলিন্ডার বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমে জেতেন ৩৫ বছর বয়সি ভেনাস।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন সেরেনা। এবার ইউএস ওপেন জিতলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের গৌরব অর্জন করবেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।

