সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কৃতি সন্তান ভাষা সৈনিক ডা. এম মহিউদ্দিন খান বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
শুক্রবার সকাল ৭টায় সিরাজগঞ্জ শহরের জুবলী বাগান সড়কের নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা সিরাজগঞ্জ পৌরসভার খান সাহেবের ঈদগাহে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এম মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালিন সিরাজগঞ্জ মহুকুমার জুবিলী বাগান লেনের পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আমতলার সভায় উপস্থিতি, ১৪৪ ধারা ভঙ্গ করা এবং ব্যারাক প্রাঙ্গণে পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের কবলে পড়েন। ১৪৪ ধারা ভঙ্গ করার পর পুলিশের গুলিবর্ষণে রক্তাক্ত সঙ্গীদের তিনি হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। ২৩ ফেব্রুয়ারি সারা রাত জেগে তিনি শহীদ মিনার নির্মাণেও অংশগ্রহণ করেন।
১৯৫৫ সালে এম মহিউদ্দিন খান এমবিবিএস পাস করে ১৯৫৬ সালে সিরাজগঞ্জ শহরে প্রাইভেট প্রাকটিসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

