গাজীপুর প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইন্টারনেট সকল মানুষের কাছে এক্কেবারে বিনে পয়সার দেওয়া উচিত। তাহলে ডিজিটাল বৈষম্য কমবে।’
তিনি শুক্রবার সকালে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সপ্তম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে একটা কাঁচের ঘর তৈরি হচ্ছে, যেখানে সাইবার জগৎ তৈরি হচ্ছে। সেই সাইবার জগৎ সাইবার অপরাধীদের দ্বারা হুমকির মুখে। সুতরাং সাইবার অপরাধীদের কিভাবে আইনের মাধ্যমে এবং প্রযুক্তিগতভাবে কিভাবে মোকাবিলা করা যায় সেটা একটা চ্যালেঞ্জ।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউটি কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব, আইইউটি অধ্যাপক আবু রায়হান, আইইউটি কম্পিউটার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহম্মেদ। মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট এক হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

