স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাইপর্বে টানা তিন ম্যাচ ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ার পর ফের জয়ের ধারায় ফিরেছে ইতালি। গ্রুপের তলানিতে থাকা মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে গত আসরের রানার্স-আপরা। এর আগে ঘরের মাঠে প্রথম লেগেও একই ব্যবধানে মাল্টাকে পরাজিত করেছিল আজ্জুরিরা।
বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইতালির হয়ে ৬৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন সাউদাস্পটনের তারকা গ্রাজিয়ানো পেলে। প্রথম লেগে ঘরের মাঠেও মাল্টার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।
প্রথমার্ধে ইতালি বেশ কয়েকটি আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়। বিরতির পর দলে বেশ কয়েকটি পরিবর্তন আনেন ইতালি কোচ অ্যান্তনিও কোন্তে। ৬৪ মিনিট বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় দলের হয়ে জয়সূচক গোলটি করেন ইতালি সাউদাম্পটন তারকা গ্রাজিয়ানো পেলে। মিডফিল্ডার আন্তোনিও কানদ্রেভার দারুণ এক ক্রস থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে দলের জয় নিশ্চিত করে তিনি।
ইউরো বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে নরওয়েকে ২-০, আজারবাইজানকে ২-১ এবং মাল্টাকে ১-০ গোলে পরাজিত করে দুর্দান্ত গতিতে এগিয়ে যায় ইতালি। তবে এরপর হোঁচট খায় আজ্জুরিরা। গত তিন ম্যাচে তারা ক্রোয়েশিয়ার সঙ্গে দুই লেগে ১-১ গোলে এবং বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
এই জয়ের ফলে সাত ম্যাচ শেষে গ্রুপ ‘এইচ’ এ থাকা ইতালি ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় ক্রোয়েশিয়া টেবিলের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার আজারবাইজানের সঙ্গে গোলশুন্য ড্র করে ক্রোটরা। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বুলগেরিয়া।
প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়ার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচে জিততে পারলে ফ্রান্সে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রাখতে আজ্জুরিরা।

