জাবি প্রতিনিধি : শুদ্ধ মন গড়ি, পরিশীলিত সাহিত্য চর্চায়- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে তিন দিনব্যাপী ‘চিরকুট সাহিত্য সম্মেলন-২০১৫’।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ‘চিরকুট’ এর উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হয়ে সম্মেলন চলবে রোববার পর্যন্ত।
সম্মেলনে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা, কবিতা পাঠ, চিরকুট সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন এবং গুণীজন সম্মাননাসহ বিভিন্ন আয়োজন থাকছে বলে জানান সম্মেলনের আহ্বায়ক ও চিরকুটের নির্বাহী সম্পাদক সুদীপ্ত শাহাদাত।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে সুদীপ্ত শাহাদাত বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতির ঐক্যবদ্ধ চর্চার মাধ্যমে পাঠক ও সাহিত্যের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং অসাম্প্রদায়িক মানব পৃথিবী বিনির্মানে সাহিত্যের স্বরকে শাণিত করতে এই সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি সাংস্কৃতিক রাজধানীখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সংস্কৃতিতেও নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।’
প্রথম দিন শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ থাকছে ‘রাষ্ট্র ও সাহিত্যের সম্পর্ক’ বিষয়ে আলোচনা।
দ্বিতীয় দিন শনিবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে চিরকুটের সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন, আধুনিক বাংলা কবিতা, কবিতা পাঠের আসর এবং জনপ্রিয় কথাসাহিত্য এবং অনলাইন সাহিত্য বিষয়ে আলোচনা।
সম্মেলনের সমাপনী দিন রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অমুর একুশের পাদদেশ থেকে শোভাযাত্রা এবং বিকেলে বিশ্বসাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী এই সম্মেলনে প্রাবন্ধিক হায়াৎ মামুদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি মোহাম্মদ রফিক, কবি আসাদ চৌধুরী, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি ড. খালেদ হোসাইন, অধ্যাপক মোহাম্মদ রফিক উল্লাহ খান, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক একেএম শাহনেওয়াজ, কথাসাহিত্যিক রায়হান রাইন, কবি কাজী রোজী (এমপি), কবি সোহেল হাসান গালিব, কবি মুস্তাফিজ শফি, কবি শামীম রেজা, কথাসাহিত্যিক জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, ড. শোয়াইব জিবরান, সুমন্ত আসলাম, রাজু আলাউদ্দীন, মাহবুব আজিজ, তানিম কবিরসহ দেশবরেণ্য কবি, কথা সাহিত্যিক, নাট্যকার ও সমালোচকরা উপস্থিত থাকবেন বলে সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন।

