স্পোর্টস ডেস্ক : খুলনায় গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পেসার রুবেল হোসেন। তারপর ইনজুরি আর ফর্মহীনতায় পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলা হয়নি তার। এবার আর টেস্ট দলের বাইরে থাকতে চান না তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে ঢুকতে মরিয়া ডান হাতি এ পেসার। অজিদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে থাকার জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করছেন তিনি।
নতুন মৌসুম শুরুর আগে এখন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এলিট প্লেয়ার্সদের কন্ডিশনিং ক্যাম্প। মূলত: ফিটনেস নিয়েই চলছে কাজ। থেমে নেই স্কিল ট্রেনিংও। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদিকদের মুখোমুখি হন রুবেল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় ডানহাতি এ পেসার। অসিদের বিপক্ষে সুযোগ পেতে জাতীয় লীগেও ভালো খেলতে চান রুবেল। জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১৭ সেপ্টেম্বর। তাই জাতীয় লিগকে ফেরার হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে রুবেল বলেন, ‘আমাকে এখন ম্যাচ খেলতে হবে। জাতীয় লিগে ভালো করতে পারলে টেস্টে সুযোগটা আসবে। অস্ট্রেলিয়া সিরিজের দলে যেন থাকতে পারি, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে টেস্ট দলে নিয়মিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। সুযোগ পেলে অবশ্যই আমি সেরাটা নিংড়ে দেয়ার চেষ্টা করব।’
বাংলাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়; কিন্তু রুবেলের দাবি উইকেটে ঘাস থাকলে পেসাররা আরও ভালো করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উইকেট আমরা পেসারদের উপযোগী করে পাই না। উইকেটে যদি ঘাস থাকে, তাহলে আমরা পেসাররা ভালো করতে পারবো। আমি নিজে টেস্টে নিয়মিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকার জন্য সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।’
বাংলাদেশ টেস্ট স্কোয়াডে হঠাৎ করে অনিয়মিত হয়ে পড়েছেন রুবেল। এখন তার নিরন্তর সংগ্রাম, যে করেই হোক আবার টেস্টে নিয়মিত হতে হবে। টেস্ট স্কোয়াডে ফেরার জন্য কেমন চেষ্টা করছেন জানতে চাইলে রুবেল বলেন, ‘টেস্ট দলে নিয়মিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পাশাপাশি লম্বা সময় বোলিং করার মানসিকতা তৈরি করছি। কিভাবে ভালো জায়গায় বোলিং করতে হবে- তা নিয়েও অনেক কাজ করছি।’
মাঝে বাংলাদেশ দুটি টেস্টে একজন মাত্র পেসার নিয়ে খেলেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষেক হয়েছিল বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। নির্বাচকরা জানিয়েছিলেন, পেসারের অভাবেই এই অল্প বয়সেই মুস্তাফিজকে টেস্ট দলে নেওয়া হয়েছে। রুবেল ফিরলে টেস্ট দলের পেস আক্রমণ আরও ভালো হবে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ খুইয়েছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। ওই সিরিজের দুই ম্যাচে খুব বাজেভাবে হেরেছে অসিরা। তবে রুবেল মনে করেন, ইংল্যান্ডের উইকেট আর বাংলাদেশের উইকটে এক নয়। এখানে তারা (অস্ট্রেলিয়া) অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
এ বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া যে উইকেটে অ্যাশেজ খেলেছে সেটা ভিন্ন উইকেট। আমাদের এখানে উইকেট হবে অন্যরকম। আর ওরা টেস্টের উপর বেশি জোর দেয়। আমরা এখনও সেভাবে তৈরি হতে পারিনি। তবে আমাদের চেষ্টা থাকবে তাদের অলআউট করার।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, বাংলাদেশি এ ডানহাতি পেসার নিজের শক্তিয় জায়গা নিয়েই কাজ করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমাকে জোরে বল করতে হবে, বল পুরোনো হলে রিভার্স সুইং করাতে হবে- আমার কাজই হচ্ছে এগুলো। আমাকে আমার কাজের ওপর জোর দিতে হবে। তাই আমার শক্তির জায়গা গুলোকে নিয়েই এখন কাজ করছি এবং এগুলো নিয়েই ভাবছি।’

