নিজস্ব প্রতিবেদক : দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকার বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ওষুধপত্রসহ ত্রাণসামগ্রীর কোনো অভাব নেই। তাই বড় বড় কথা না বলে আসুন, সবাই মিলে বন্যা মোকাবিলায় সহযোগিতা করি।
বন্যা ও জলাবদ্ধতাসহ দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ‘আন্তমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।
সভায় মায়া বলেন, ২৪টি জেলার মানুষ বন্যায় আক্রান্ত। এসব জেলার জন্য সাত হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা চাই, একজনও যাতে না খেয়ে মারা না যায়।
তিনি আরো বলেন, জলাবদ্ধতা-বন্যা সমস্যা মোকাবিলায় সব মন্ত্রণালয় এক যোগে কাজ করছে। এই মন্ত্রণালয়ের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে অবশ্যয় আমরা সফলভাবে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবো।
তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় ত্রাণমন্ত্রণালয়ে সচিব, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী, আবহাওয়া বিশেষজ্ঞসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজধানীতে অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা-আবর্জনা প্রসঙ্গে পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে এসব গিয়ে ড্রেনে জমা হয়। তাই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

