চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব। “জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চট্টগ্রাম মহানগর এর সহযোগিতায় এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে বিতর্ক উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সনাক সদস্য ড. শিরিন আকতার, সিইউডিএস উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, টিআইবি পরিচালক ড. রিজওয়ান উল আলম। বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউডিএস সঞ্চালক প্রফেসর ড. ইমরান হোসেন।
বিতর্ক উৎসবের বৃহস্পতিবারের কর্মসূচির মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী র্যালি ও তিন দিনব্যাপী দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী এবং ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ প্রকল্পের বিষয় ভিত্তিক প্যানেল আলোচনা। এতে আলোচক থাকবেন সনাক সদস্য ও সিইউডিএস উপদেষ্টা অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিচালক মো. জাফর আলম, জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. দানেশ মিয়া ও টিআইবি সিনিয়র ম্যানেজার জাকির হোসেন।

