স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ হারের পর দারুন সমালোচনার মুখে অবসরের ঘোষণাই দিতে বাধ্য হয়েছিলেন মাইকেল ক্লার্ক। দ্য ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের মধ্য দিয়েই ক্যারিয়ার শেষ হয়ে যায় ক্লার্কের।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও, ঘরোয়া ক্রিকেট থেকে দুরে সরে যাওয়ার ঘোষণা দেননি। কিন্তু মাইকেল ক্লার্কের এখন আর কেন যেন ক্রিকেটেই মন নেই। ক্রিকেট যেন তার কাছে বিষাক্তই লাগছে। এ কারণে ক্লার্ক সিদ্ধান্ত নিলেন, নিজ দেশের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ, বিগ ব্যাশেও খেলবেন না। আপাতত কিছুদিন দুরে থাকবেন ক্রিকেট থেকে।
গত এপ্রিলে মেলবোর্ন স্টারর্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেন ক্লার্ক। দলটির অধিনায়কও তিনি। কিন্তু সেই চুক্তির শর্ত তিনি আর রক্ষা করতে পারছেন না। ক্রিকেট থেকে কিছুদিন দুরে থাকার নিমিত্তেই ক্লার্ক বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন।
অস্ট্রেলিয়ার ট্রিপল এম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি নিজের শরীর এবং মন নিয়েই চিন্তা করছি। একান্ত ব্যক্তিগতভাবেই কিছু সময় প্রয়োজন আমার। এ কারণেই আমি চাই ক্রিকেট থেকে কিছুদিন দুরে থাকতে।’
অবসর ঘোষণা করার পর ক্রিকেট আর ব্যক্তি জীবনের মধ্যে পার্থক্য কী সেটাই উপলব্দি করতে চান ক্লার্ক। তিনি বলেন, ‘এটা আমার জীবনের বিশাল একটি অংশ। আমি এই মুহূর্তে চিন্তা করছি, যেহেতু অবসর নিয়ে ফেলেছি, সেহেতু ক্রিকেটছাড়া জীবনটা কেমন, সেটা আমি উপলব্দি করতে চাই।’
তবে ক্রিকেট থেকে একেবারে দুরে সরে যাবেন না ক্লার্ক। কিছুদিন পর আবার ফিরে আসবেন খেলাটিতে। তখন হয়তো ভিন্ন চিন্তা, ভিন্ন কোন পরিকল্পনা নিয়ে আগাবেন। ক্লার্ক নিজেই বললেন, ক্রিকেটের সাথেই থাকতে চাই সারাজীবন। তবে তা ভিন্ন কোন পরিকল্পনা, ভিন্ন কোনভাবে হবে হয়তো।’

