স্পোর্টস ডেস্ক : প্রত্যাশামতই ঝড়ের বেগে ইউএস ওপেনের দ্বিতীযয় রাউন্ডে পৌঁছে গেলেন রজার ফেদেরার এবং অ্যান্ডি মারে৷ প্রথম রাউন্ডে আজেন্টিনার লিওনার্দো মেয়ারকে সরাসরি সেটে ৬-১, ৬-২, ৬-২ উড়িয়ে দেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার৷ অস্ট্রেলিয়ার ২০ বছরের কিক কাইগ্রিয়সকে চার সেটের (৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১) লড়াইয়ে হারান তৃতীয় বাছাই মারে৷
৩৪ বছরের ফেদেরার গত ৪৫ বছরে ফ্লাশিং মিডোর ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়৷ দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই সুইস তারকা খেলবেন স্টিভ ডারসিস ও মার্কোস বাগদাতিসের বিজয়ীর বিরুদ্ধে৷ মেয়ারকে হারিয়ে ফেদেরার বলেন, ‘শুরুটা ভালো হওয়ায় খুব খুশি৷ ম্যাচ যত গড়িয়েছে ততই আমার সার্ভ ভালো হয়েছে৷ আমি ফাস্ট কোর্ট টেনিস খেলার চেষ্টা করেছি৷’
অপরদিকে অজি তরুণের শাক্তিশালী সার্ভের কাছে কখনও কখনও হার মানতে হয় ব্রিটেনের তারকাকে৷ চতুর্থ সেটে সহজ জয় পেলেও প্রথম সেটে তৃতীয় বাছাই মারেকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কাইগিয়স৷ শুধু তাই নয় তৃতীয় সেট জিতে ২০১২-র চ্যাম্পিয়নকে অস্বস্তিতে ফেলে দেন৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান মারে৷ পরের রাউন্ডে মারের প্রতিপক্ষ ফরাসি বাঁ-হাতি আদিয়ান ম্যানারিনো৷
পুরুষদের অন্য সিঙ্গলসে জাইলস সিমন হারিয়েছেন (৬-২,৬-৪,৩-০) স্থানীয় ডোনাল্ড ইয়ংকে৷ প্রথম দু’টি সেট হারের পর চোটের জন্য তৃতীয় সেটের মাঝপথে কোর্ট ছেড়ে বেরিয়ে যান মার্কিন খেলোয়াড়৷

