বিনোদন ডেস্ক : দীর্ঘ সতের বছর হল বিয়ে করে সুখে সংসার করছেন ‘ডন’ খ্যত অভিনেতা অর্জন রামপাল ও স্ত্রী মেহর জেসিয়া; তাদের দুটি কন্যা সন্তানও আছে। অথচ তাদের মধ্যে নাকি শীঘ্রই বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে বলে গুজব উঠেছে ভারতীয় গণমাধ্যমে! যদিও নিজের ব্যক্তিগত বিষয়ে অন্যের নাক গলানোকে প্রাধান্য দিতে কোনোভাবেই রাজি নন অর্জুন।
ব্যক্তিগত বিষয় নিয়ে দর্শককে কোনোভাবেই জড়াতে চান না অর্জুন। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ল্যাকমি ফ্যাশন সপ্তাহ ২০১৫-তে স্ত্রীসহ হাজির ছিলেন অর্জুন। সেখানে তিনি ইউরোপীয় একটি জুতোর ব্যান্ডের হয়ে লাল গালিচায় হেঁটেছেনও। এবং তা শেষ হলে স্ত্রীর পাশে গিয়েই বসেছেন। আর সেখানেই তাকে ‘ডিভোর্স’ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি ‘ডিভোর্স’ বিষয়টি স্রেফ গুজব বলে উল্লেখ করেন। তবে এসব বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে রাজি নন তিনি।
বলিউডের বিবাহিত তারকাদের ডিভোর্স বিতর্ক যেন ইদানিং সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রথমে এটাকে গুজব বলা হলেও পরবর্তীতে দেখা যায় সত্যি সত্যি তারকাদের মধ্যে ঘটছে বিবাহ বিচ্ছেদ। এর সাম্প্রতিক উদাহারণ হচ্ছেন ‘কৃষ’ খ্যাত সুপারস্টার অভিনেতা ঋত্বিক রোশান। অল্প কয়দিন আগে অভিনেতা জন আব্রাহামের বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে বলে খবর বেড়িয়েছিল ভারতীয় গণমাধ্যমে। এবার সেই একই বিতর্কে পড়লেন ‘রাওয়ান’ খ্যাত অভিনেতা অর্জুন রামপাল। যদিও তিনি এসব বিতর্ককে পাত্তা দিতে মোটেও রাজি নন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মেহর জেসিয়াকে প্রেম করে বিয়ে করেন অর্জুন রামপাল। এরমধ্যে তাদের ঘরে এসেছে ফুটফুটে দুটি কন্যা সন্তানও। জীবনের এই মধ্য পর্যায়ে এসে কোনোভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত কেউ নিতে পারে না বলেও জানিয়েছেন এই দম্পতি।

