স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র টি২০ ম্যাচটিও ইংল্যান্ড জিতে নিল ৫ রানে। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮২ রানের চ্যালেঞ্জের জবাব ভালোভাবেই দিচ্ছিল অস্ট্রেলিয়া, অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটের উপর ভর করে। কিন্তু তার বিদায়ের পর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি অসিদের কেউই। ফলে একমাত্র টি২০ ম্যাচে ৫ রানে হার মেনে নিতে বাধ্য হয় অস্ট্রেলিয়া।
বেলফাস্টে অস্ট্রেলিয়ার স্মিথ-যুগ শুরু হয়েছিল জয়ের মাধ্যমে। কার্ডিফের সোফিয়া গার্ডেন বিরস বদনে মাঠ ছাড়তে হলো স্মিথের দলকে। ওয়ানডে সিরিজের আগে এই পারফরম্যান্স একটু হলেও তাদের আত্মবিশ্বাসে চিড় ধরাবে।
এদিন স্মিথ তার কাজ ঠিকই করে ফেলেছিলেন ৫৩ বলে ৯০ রানের ইনিংস খেলে। সাত বাউন্ডারির সঙ্গে ছয় মেরেছেন চারটি। আর কিছুক্ষণ উইকেটে থাকলে হয়তো জয়টা অস্ট্রেলিয়ার ঘরেই চলে যেত। স্মিথের বিদায়ের পর চালিয়ে খেলতে গিয়ে সবাই উইকেট দিয়ে এসেছেন।
তার আগে গ্লেন ম্যাক্সওয়েল ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে স্মিথকে যোগ্য সঙ্গ দেন। উইলি ৩৪ রানে দুটি, একটি করে উইকেট নিয়েছেন ফিন, টপলি, মঈন এবং স্টোকস।
এর আগে ব্যাট করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ফিরে যান দু’ওপেনার অ্যালেক্স হেলস (৩) এবং জেসন রয় (১১)। এরপর পাল্টা আক্রমণ করে বসেন অধিনায়ক এউইন মরগ্যান এবং মঈন আলি। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ১৩৫ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি পায় ইংল্যান্ড।
যেখানে ৪৬ বল খেলে ৭২ রানে অপরাজিত থাকেন মঈন। ছয় বাউন্ডারির সঙ্গে তিনি ছয় মেরেছেন তিনটি। কম যাননি মরগ্যানও। তিনি ৭৪ রান করেছেন মাত্র ৩৯ বলে। বাউন্ডারির চেয়ে তিনি ছক্কাই মেরেছেন বেশি। সাত ছক্কার বিপরীতে মরগ্যানের ইনিংসে বাউন্ডারি তিনটি। এছাড়া ৪ বলে ১১ রান করেন জস বাটলার। প্যাট কামিন্স ২৫ রানে দুটি, একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং কাউল্টার নেইল।

