স্পোর্টস ডেস্ক : আরেকটি স্বপ্ন কি পূরণ হতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার। অবাক হতেই হবে সে স্বপ্ন ক্রিকেটকে ঘিরে নয়। ম্যাশের ছেলেবেলার স্বপ্ন ছিলো পুলিশ হবেন, মানুষের সেবা করবেন। ওয়ানডে বিশ্বকাপের পর সাতক্ষীরায় এক অনুষ্ঠানে গিয়ে এমন স্বপ্নের কথাই শুনিয়েছিলেন তিনি।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের সেই স্বপ্নটা এবার বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। সোমবার একটি জাতীয় দৈনিকে ‘অনারারি পুলিশ হচ্ছেন মাশরাফি’ শিরোনামে এক প্রতিবেদনও প্রকাশিত হয়। তবে এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন- প্রতিবেদনের তথ্য বায়বীয় ও কাল্পনিক।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে অনারারি পুলিশ সদস্য করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে কোন প্রস্তাব কিংবা আবেদনও পায়নি পুলিশ সদর দপ্তর বা পুলিশের অন্যকোন ইউনিট। তারা জানিয়েছেন- মাশরাফি শুধু নয় বাংলাদেশের যেকোন নাগরিক সরকারের কাছে এই আবেদন করতে পারেন। আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।
এবিষয়ে জানতে চাওয়া হলে সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম বলেন, ‘এবিষয়ে তাদের কিছুই জানা নেই। তাছাড়া আইজিপি এই মূহুর্তে দেশের বাইরে আছেন। তারা এখন পর্যন্ত কোন প্রস্তাব বা আবেদন পাননি। ’
সোমবার খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, ‘সকালে নড়াইল জেলার পুলিশ সুপার রাকিবুল ইসলাম আমাকে ফোন করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে আমাকে অবহিত করেন। তিনি আমাকে জানান যে, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি একটি অনুষ্ঠানে বলেন যে, তার স্বপ্ন ছিলো পুলিশ হবেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মাশরাফি বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরকম কোন আবেদন আমরা পাইনি। কেউ আমাদের কাছে কোন প্রস্তাবও পাঠায়নি। সুতরাং এবিষয়ে এখনো আলোচনা করার মতো কিছু নেই।’
ডিআইজি এস এম মনিরুজ্জামান আরও বলেন, ‘শুধু মাশরাফিই নন; বাংলাদেশের যে কোন নাগরিক অনারারি পুলিশ সদস্য হওয়ার আবেদন সরকারের কাছে করতেই পারেন। তিনি (মাশরাফি) আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে। তবে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে সম্পূর্ণ সরকারের হাতে।’

