বিনোদন ডেস্ক : গোপনে চিত্রনির্মাতা প্রেমিকের সঙ্গে ‘ইভ-ইন’ করছেন বলিউড টিনসেলের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিনীতি চোপড়া। শুধু তাই-ই নয় সম্প্রতি নাকি প্রেমিকের সঙ্গে ভিনদেশে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা। ভারতীয় মিডিয়ায় খবর এসেছে, ছুটিতে রোমে দারুণ রোমান্টিক কিছু মুহূর্ত উপভোগ করেছেন এ দুজনে।
নিউইয়র্কে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের পরই ইশকজাদে-র অভিনেত্রী তার প্রেমিক তথা পরিচালক মণীষ শর্মার সঙ্গে রোমে পাড়ি দেন। পরিনীতি হাতে এখন কোনো সিনেমা না থাকায় অনেকটা অলস সময় পার করছেন। আর মণীষ ফ্যান সিনেমার কাজ শেষ করেছেন। আর এই অবসর মুহূর্তটি উপভোগ করতে দুজনে ইতালির রোমে যান।
ছুটি কাটিয়ে ফিরে কাজও শুরু করেছেন দুজনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিনীতি লিখেছেন, ‘আজ ক্যামেরা কন্ট্রোল শিখলাম। দারুন লাগছে।’
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানকার বেশ কয়েকটি ছবিও পরিণীতি পোস্ট করেছেন।

