বিনোদন ডেস্ক : শ্যুটিংয়ের নাম গন্ধ নেই, তবে ঠিক হয়ে গেছে ছবির মুক্তির তারিখ! হ্যাঁ, এমনটিই এখন বলিউডের সিনেমায় হরহামেশায় ঘটছে। এবার এমন ঘোষণায় শোনা গেল একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ক্ষেত্রেও। ছবির শ্যুটিং নিয়ে এখনো কিছু চূড়ান্ত না হলেও আসছে বছরের ২৯ মে ঠিক হয়ে গেছে বিয়ের পর ঐশ্বরিয়ার দ্বিতীয় ছবি ‘সর্বজিৎ’।
আগেই শোনা গিয়েছিল সর্বজিতের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এবার চূড়ান্ত হলেন তিনি, সেইসাথে ঘোষণা হলো ছবির রিলিজ ডেটও। এখন শুধু শ্যুটিংয়ের কাজে ঝাঁপিয়ে পড়া। যদিও বর্তমান সময়ে ‘জজবা’ নিয়ে দারুণ ব্যস্ত আছেন অভিনেত্রী ঐশ্বরিয়া। তাই সেপ্টেম্বরের মাঝামাঝিতেই নতুন ছবির কাজ নিয়ে এগিয়ে যাবেন তিনি। ছবিটিতে ঐশ্বরিয়া সর্বজিতের বোনের চরিত্রে অভিনয় করবেন।
জানা গেছে, আগামী বছরের ২০ মে রিলিজের কথা ভাবছিলেন সর্বজিতের বায়োপিক নির্মাতা অমুং কুমার। কিন্তু পরে ভেবে চিন্তে দেখলেন, ওইসময় ‘আইপিএল’-এর জোয়ার চলবে পুরো ভারতজুড়ে। চলতি বছর আইপিএল চলাকালে মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবি ‘বোম্ব ভেলভেট’ মুক্তি পেয়েছিল, ছবিটি বক্স অফিসে দুর্দান্তভাবে ফ্লপ করেছে। ফলে ‘সর্বজিৎ’ নির্মাতা এই বিষয়টি মাথায় রেখে ২৯ মে মুক্তির কথা ভাবছেন, এবং এই তারিখে মুক্তির লক্ষ্যেই এগিয়ে যাবে পুরো টিম।
উল্লেখ্য, সর্বজিৎ সিং ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক, যিনি লাহোর ও মুলতানে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলেন। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন তিনি।এর আগে সর্বজিৎ সিংকে মুক্তি দিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক আহবান জানিয়েছিল নয়াদিল্লি। ৪৯ বছর বয়সী এই বন্দিকে ভারতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধার্থে স্থানান্তরেরও আহবান জানিয়েছিল ভারত সরকার। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের জেলখানায় অস্বাভাবিক মৃত্যু হয় তার।

