অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংকিং খাতের গ্রাহকদের কাছ থেকে সর্বমোট অভিযোগ এসেছে ৪৪৩টি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিরুদ্ধে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেসরকারি খাতের ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো কাস্টমার সার্ভিসেসের রিপোর্ট অনুযায়ী, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট জুলাই মাসে ই-মেইল, ফ্যাক্স, ওয়েব সাইট ও ডাকযোগে ১৭৭টি এবং টেলিফোনে ২৬৬টি অভিযোগ পায়। কেন্দ্রীয় ব্যাংক এসব অভিযোগের ৪৪২টিই নিষ্পত্তি করেছে।
প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগের সংখ্যা ছিল ১৫৬টি, ঋণ ও অগ্রিম সংক্রান্ত ৮২টি, আমদানি বিল পরিশোধ না করা সংক্রান্ত ৫৩টি (অভ্যন্তরীণ ৩০টি ও বৈদেশিক ২৩টি), কার্ড সংক্রান্ত ৩৪টি, মোবাইল ব্যাংকিং সংক্রান্ত ২৭টি, রেমিটেন্স সংক্রান্ত ২৩টি ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত ১০টি। এছাড়া অন্যান্য অভিযোগ ছিল ৫৮টি।

