নিজস্ব প্রতিবেদক : টানা ৫৩ দিন বিরতির পর মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হয়েছে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

