ঢাকাMonday , 31 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাশেরকান্দিতে পয়ঃশোধনাগার নির্মাণ কাজ শুরু

Link Copied!

wasaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পয়ঃব্যবস্থাপনা সেবা সম্প্রসারণের লক্ষ্যে দাশেরকান্দিতে একটি শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। চীনের এক্সিম ব্যাংক, বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়নে তিন হাজার ৩১৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প ২০১৯ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ঢাকা ওয়াসা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়না করপোরেশনের সাথে এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং হাইড্রোচায়না করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট মি. চেন গুয়ানফু চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে হাইড্রোচায়না করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট চেন গুয়ানফু বলেন, ‘ঢাকা ওয়াসার সাম্প্রতিক বিভিন্ন সাফল্যে আমরা অনুপ্রাণিত। ঢাকায় একটি আধুনিক পয়ঃব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে তার প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।’
প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ‘বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঢাকা ওয়াসা রাজধানীবাসীর নিরবিচ্ছিন্ন পানির চাহিদা পুরণ করে উদ্বৃত্ত উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। তবে পানি সরবরাহ সেবায় সাফল্য অর্জন করলেও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার অনেক করণীয় রয়েছে। আগামী ২০১৬ সালের শুরু থেকেই ঢাকা ওয়াসার পাগলা পয়ঃশোধনাগারটির সংস্কার ও উন্নয়নের কাজ শুরু হবে। এছাড়াও ক্রমান্বয়ে বাকি ৪টি পয়ঃশোধনাগার নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজধানীবাসী আধুনিক ও উন্নত পয়ঃব্যবস্থাপনা সেবা পাবেন।’
তাকসিম এ খানের সভাপতিত্বে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইন, ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য শাহজাহান খান ও আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) সিরাজ উদ্দিন এবং প্রকল্প পরিচালক মোহসীন আলী মিয়া প্রমুখ।