নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় সেনাবাহিনী একযোগে কাজ করবে।
আজ রবিবার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ডিসাস্টার রেসপন্স এক্সসারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বিষয়ক কর্মশালা এ তথ্য জানানো হয়।
দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় সাড়া প্রদান বিষয়ক একটি সামরিক ও বেসামরিক উদ্যোগ “প্যাসিফিক রেজিলিয়েন্স রেসপন্স এক্সসারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ” (পিআর ডিআরইই) কর্মশালায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় সেনাবাহিনী অংশগ্রহণ করছে। এটি ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভূমিকম্প মোকাবেলায় সাড়া প্রদান বিষয়ক প্রক্রিয়া অনুশীলন করতে এই নিয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশ সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় সেনাবাহিনী একত্রিত হচ্ছে।
পিআর ডিআরইই ২০১৫ চলাকালে ১৫০ জনেরও বেশি (অফিসার) ধারাবাহিক “টেবল-টপ” অনুশীলনে অংশ নেবেন এবং ৩৫০ জন (অফিসার) অংশগ্রহণ করবেন মাঠপর্যায় প্রশিক্ষণে। পিআর ডিআরইই ২০১৫ অনেক বাংলাদেশি এবং আন্তর্জাতিক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করবে।
এই অনুশীলনটিতে ঢাকা শহরে ভূমিকম্প হলে সেটি মোকাবেলা করার পরিকল্পনা পর্যালোচনা ও মূল্যায়ন করা হবে এবং জরুরি অবস্থায় চিকিৎসা ও অন্যান্য সরঞ্জামাদি বিষয়ক অনুশীলন ও করা হবে এবং পরিকল্পনা ও প্রক্রিয়ার মধ্যকার বিদ্যমান দূরত্বগুলো চিহ্নিত করবে।
তাছাড়াও ২০১৫ পিআর ডিআরইই জরুরি অবস্থার ব্যবস্থাপনা ও উড্ডয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়াবে এবং বাংলাদেশে বৈদেশিক মানবিক সহায়তা প্রক্রিয়া মূল্যায়ন করবে।
প্যাসিফিক রিজিলিয়েন্স এশীয়-প্রসান্তমহাসাগরীয় অঞ্চলের একটি ধারাবাহিক অনুশীলন যা বড় দুর্যোগের সময় এর বৈশ্বিক অংশীদারদের সাহায্য করতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিশ্চিত করে।
প্যাসিফিক রেজিলিয়েন্স যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কম্যান্ডের সামরিক-বেসামরিক সমন্বয় ও মানবিক সহায়তা/দুর্যোগ মোকাবেলায় সাড়াদানে সহায়তা প্রদান করে।

