নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুইদিন ব্যাপী ঢাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স অনুষ্ঠিত হবে।
রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড টুরিজম (ইউএনডব্লিউটিও) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই কনফারেন্সের আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে মেনন বলেন, দেশের গৌরবময় ও ঐতিহাসিক বুদ্ধিস্ট হেরিটেজ সাইটগুলো রক্ষণাবেক্ষণ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের লিভিং হেরিটেজগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্যই এ আন্তর্জাতিক সম্মেলন। এর মাধ্যমে আন্তর্জাতিক বুদ্ধিস্ট সার্কিটের মহাসড়কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। যা দেশের পর্যটন বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে। একইসঙ্গে বাংলাদেশে বুদ্ধিস্ট পর্যটকদের পরিভ্রমনে আগ্রহ সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলনের প্রাক প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হবে। এছড়া বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলন চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনামসহ প্রায় ১৩টি দেশের সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেবে।

