স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগে এবার শুরুটা ভালো হচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির। গতকালও তারা ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ ব্যবধানে হেরেছে। এ নিয়ে এখন চার ম্যাচে তাদের পয়েন্ট চার। যেখানে ম্যানচেস্টার সিটি ১২ পয়েন্ট সবার উপরে রয়েছে। বিষয়টি মোটেও মানতে পারছেন না চেলসি কোচ হোসে মরিনহো।
মরিনহো বলেছেন, “চার ম্যাচে চার পয়েন্ট। খুব বাজে শুরু।”
তিনি আরও বলেন, “এটি হচ্ছে প্রিমিয়ার লীগ। আমি মনে করি আগের চেয়ে এটি বেশি কঠিন হয়ে যাচ্ছে।”
গতকাল স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও ক্রিস্টাল প্যালেসের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ম্যাচের ৬৫ মিনিটে ফ্রেঞ্চ মিডফিল্ডার বাকারি সাকোর গোলে লিড নেয় ক্রিস্টাল। এর ১৪ মিনিট পর পেদ্রো রদ্রিগেজের পাস থেকে ব্লুজদের সমতায় ফেরান রাদামেল ফ্যালকাও।
তবে দু’মিনিট না যেতেই স্বাগতিকদের হতাশায় ডোবায় ক্রিস্টাল। প্রথম গোলদাতা বাকারির ক্রস থেকে বল জালে জড়ান ইংলিশ ডিফেন্ডার জোয়েল ওয়ার্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্লুজরা। রেফারি শেষ বাশি বাজানোর পর মাথা নত করেই মাঠ ছাড়েন ফ্যাব্রিগাজ-হ্যাজার্ড-কস্তারা। এ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ক্রিস্টাল।
এই ম্যাচের পর মরিনহো কারও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাননি। কিন্তু এটি স্বীকার করে নিয়েছেন যে তার কিছু প্লেয়ার খারাপ খেলেছে।
তিনি বলেছেন, আমি খুশি নই। আমি এটি বলতে পারি না যে আমার আমার ১১ জন খেলোয়াড় একই সময় পারফর্ম করবে। তাদের দুই-তিনজনের পারফর্যান্স ভালো ছিলো না। তাদের একজনকে পরিবর্তন না করার জন্য আমি নিজেকে দোষী মনে করব। আমি তাকে ৯০ মিনিটই মাঠে রেখেছিলাম।

