স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের পরিসংখ্যানবিদেরা ইদানিং যথেষ্ট ঝামেলা পোহাচ্ছেন। কিছুদিন পরপর নতুন করে কোনও না কোনও রেকর্ড ভাঙছে আর নতুন করে লিখতে হচ্ছে আরও একটি ইতিহাস। আজ যেমন পরিসংখ্যানবিদদের ঝামেলায় ফেললেন চেতেশ্বর পূজারা।
চতুর্থ ভারতীয় হিসেবে ‘ক্যারিইং থ্রু দ্য ব্যাটের’র নজির গড়লেন তিনি। সেঞ্চুরি করে ফিরেছেন মূল একাদশে। গোটা ইনিংসেই অপরাজিত থেকে পূজারা এবার নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। তিনি এমন একটি দলে নাম লেখালেন, টেস্ট ক্রিকেটের শতবর্ষের ইতিহাসে যে দলে সদস্য সংখ্যা মাত্র ৪৬।
পূজারা শুক্রবার সকালে ব্যাট করতে নেমেছিলেন লোকেশ রাহুলের সঙ্গে, ইনিংসের শুরুতে। আজ দশম ব্যাটসম্যান হিসেবে উমেশ যাদব যখন আউট হলেন অপর প্রান্তে ঠায় দাঁড়িয়ে পূজারা। উমেশ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যারিইং থ্রু দ্য ব্যাটের ৪৯তম উদাহরণ হয়ে যান তিনি। টেস্ট ক্রিকেটে ক্যারিইং থ্রু দ্য ব্যাটের নজির ৪৯টি হলেও এই কীর্তি গড়েছেন ৪৬ জন ক্রিকেটার।পূজারার এই দলে আজ থেকে ১৪ বছর আগেই নাম লিখিয়েছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে তিনি পুরো ইনিংসে অপরাজিত থেকে করেছিলেন ৮৫ রান। অস্ট্রেলিয়ার বিল উডফুল আর বিল লরি দুবার করে গড়েছেন এই অনন্য কীর্তি। পূজারার আগে এই কীর্তি গড়েছেন তিনজন ভারতীয় ব্যাটসম্যান। সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ। ভারতীয় সঙ্গীদের নাম দেখে নিজেকে অবশ্যই গর্বিত ভাবছেন চেতেশ্বর পূজারা।
ভারতের ৩১২ রানের সংগ্রহে পূজারার অবদান ১৪৫ রান। পূজারার এই অর্জনের দিনে বেশ ভালো অবস্থানে ভারত। শ্রীলঙ্কার ওপর রীতিমতো চড়ে বসেছেন ভারতীয় বোলাররা। রান তাড়া করতে গিয়ে ১২৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে লঙ্কানরা।

