রংপুর প্রতিনিধি : নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে রংপুর নগরীর নজিরেরহাট এলাকায় অবস্থিত রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিদ্যালয়ের সামনে রংপুর-পার্বতীপুর বদরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
তারা শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে শত শত গাড়ি আটকা পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি এমপিও ভুক্ত এ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে গ্রুপিংয়ের কারণে গত এক মাস ধরে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না। এ ব্যাপারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেকবার প্রধান শিক্ষককে জানানোর পরেও কোন কাজ হয়নি। ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে শত শত যান আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল ইসলাম জানান, কিছু জটিলতার কারণে ১৫ দিন ধরে ক্লাস হচ্ছে না। তবে এ সমস্যা মিটে যাবে বলে দাবি করেন তিনি।

