স্পোর্টস ডেস্ক : প্রায় এক বছর পর স্পেন জাতীয় দলে ফিরলেন চেলসি ফরোয়ার্ড দিয়েগো কস্তা। আগামী সেপ্টেম্বরে ইউরো-২০১৬ বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়া ও মেসিডোনিয়ার মুখোমুখি হবে স্পেন। সেই দুই ম্যাচকে সামনে রেখে স্পেন কোচ দেল ব্স্ক দিয়েগো কস্তাকে নিয়েই শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন।
আগামী ৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে স্পেন। তিনদিন পর মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।
ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘সি’ তে থাকা স্পেন আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। গত বছরের অক্টোবরে স্পেনকে ২-১ গোলে পরাজিত করা স্লোভাকিয়া টেবিলের শীর্ষে রয়েছে।
গত বছরের অক্টোবরে সর্বশেষ স্পেনের হয়ে খেলেন দিয়েগো কস্তা। স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হারার পর লুক্সেমবার্গকে পরের ম্যাচে হারায় কস্তার দল। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই চেলসি তারকা।
ব্রাজিলে জন্মগ্রহণকারী দিয়েগো কস্তার চেলসি সতীর্থ পেদ্রো রদ্রিগেজ ও সিজার অ্যাপিলিকুয়েটা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হুয়ান মাতা ব্রাজিল বিশ্বকাপের পর প্রথমবারের মতো স্পেন দলে ডাক পেলেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে দলে রেখেছেন কোচ দেল বস্ক। নাম্বার ওয়ান গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তো রয়েছেনই।
স্পেন দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া ও সার্জিও রিকো
ডিফেন্ডার: জোয়াফ্রাঁ, দানি কারভাহাল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, মার্ক বারত্রা, জর্ডি আলবা, সিজার অ্যাপিলিকুয়েটা ও হুয়ান বার্নাট
মিডফিল্ডার: সার্জিও বুসেকটস, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, সান্তি ক্যাজোরলা, সেস ফ্যাব্রেগাস, ইসকো, ডেভিড সিলভা ও হুয়ান মাতা
ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেজ, প্যাকো আলকাসার, দিয়েগো কস্তা ও ভিতোলো ম্যাচিন

