পাবনা প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেড়া থানায় এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এ দুটি মামলা করেন।
দুদক অভিযোগ করে, বেড়া সিএন্ডবি করমজা নতুনসহাটের প্রায় ৭৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অভিযুক্তরা দুর্নীতির আশ্রয় নিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ উল্লেখিত অভিযুক্তরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে একত্রে ১৩ বছর অবৈধভাবে ভোগদখল করেছেন।
বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি। দুটি মামলার এজাহার মিলিয়ে উল্লেখ করা হয়, পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা সরকারের ৭৯ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
১৮ নম্বর মামলায় অভিযুক্তরা হলেন- বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবী।
অপরদিকে ১৭ নম্বর মামলায় রফিকুন নবী ছাড়া উল্লেখিত সবাই রয়েছেন। শুধু এ মামলায় অভিযুক্ত তালিকায় সংযুক্ত করা হয়েছে ইজারাদার মাহবুব হোসেন বাবলুর নাম। একটি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সরকারের ৭৬ লাখ টাকা ও অপর মামলায় ২ লাখ ৩ হাজার টাকার ক্ষতি দেখানো হয়েছে। এ টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেবার কথা ছিলো।

