টাঙ্গাইল প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-বঙ্গবন্ধু সেতু (টাঙ্গাইল) মহাসড়কটি চারলেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজ আগামী মাসের (সেপ্টম্বর) শেষ সপ্তাহে শুরু হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। জয়দেবপুর থেকে চন্দ্রা ও টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা চারলেন করতে ব্যয় হবে তিন হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা।
শুক্রবার বিকালে মহাসড়ক পরিদর্শনে এসে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারসহ দলের অন্য নেতাকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে অর্থাৎ আগামী তিন বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের কোনাবাড়ি, চন্দ্রা, লতিফপুর, সোহাগপুর ও ঘারিন্দায় পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া ২৬টি সেতু ও পাঁচটি আন্ডারপাস থাকবে। ধীরগতির যানবাহনের জন্য থাকবে বাইলেন ব্যবস্থা।
তিনি বলেন, একই সময়ের মধ্যে পদ্মা সেতু ও কর্ণফুলি টানেল নির্মাণ কাজও শেষ হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেনের কাজ শেষ পর্যায়ে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ শেষ হবে এবছর ডিসেম্বরে। আর এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন সূচিত হবে এবং আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

