স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলের। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজেও ব্যাট হাতে চেনা ছন্দে ছিলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। যে কারণে ইয়ান বেল অবসর নিবেন বলে গুঞ্জন উঠে। তবে সেই গুঞ্জন অস্বীকার করলেন এই ইংলিশ তারকা। ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্য তার মধ্যে এখনো রানক্ষুধা ও তীব্র আকাঙ্ক্ষা রয়েছে বলে জানান তিনি।
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে ৩৩ বছর বয়সী ইয়ান বেল বিদায় জানাবেন বলে গুঞ্জন উঠে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই বৃহস্পতিবার তাতে জল ঢেলে দিলেন বেল নিজেই। কিন্তু টেস্ট ক্রিকেটকে আরো প্রলম্বিত করার জন্য ওয়ানডে ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ান বেল বলেন, ‘ওভাল টেস্টে হারার পর আমি কোচ ট্রেভর বেলিস ও অধিনায়ক অ্যালেস্টার কুকের সঙ্গে আলোচনা করেছি। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। আমি আপনাদের সততার সঙ্গে বলছি, আমি এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর জন্য তৈরি নই। আমার মধ্যে এখনো ক্ষুধা ও তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। যেদিন এটি থাকবে না সেদিন ঠিকই সরে দাঁড়াবো।’
অবসর নিয়ে অনেকের সঙ্গেই আলোচনা করেছেন বেল, ‘ওভাল টেস্টের পর যারা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমার স্ত্রী ও আমার বাবা তাদের সঙ্গে আমি এটি নিয়ে আলোচনা করেছি। এটা আমি স্পষ্ট করে বলতে পারি, টেস্ট ক্রিকেটকে দেয়ার মতো আমার এখনো অনেক কিছু রয়েছে।’
টেস্ট ক্রিকেট আরো চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তরুণদের সুযোগ করে দিতে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন ইয়ান বেল, ‘একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়। একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ফলে তরুণরা দলে ভালোভাবে মানিয়ে নেয়ার সুযোগ পাবে এবং টেস্ট ক্রিকেটে আমি পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে পারবো যাতে করে সাদা পোশাকে আমি নিজের সেরা ফর্মে ফিরতে পারি।’
ইয়ান বেল ২০০৪ সালে অভিষেকের পর থেকেই ইংল্যান্ড জাতীয় দলের অপরিহার্য সদস্যে পরিণত, যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা তার ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের হয়ে ১১৫ টেস্টে ২২টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৩ গড়ে ৭ হাজার ৫৬৯ রান করেন তিনি। দেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন মাত্র চারজন ক্রিকেটার। আর ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ২৬.৮৭ গড়ে ২১৫ রান সংগ্রহ করে ইয়ান বেল। পাঁচ টেস্টের ৯ ইনিংসে তিনটি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। গেল ১০ টেস্টে মাত্র তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ইংলিশ ব্যাটসম্যান। তবে একবার তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করতে পারেননি তিনি।

