বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে কঙ্গনা রাণৌত এবং ইমরান খান অভিনীত কাট্টি বাট্টি সিনেমার ‘লিপ টু লিপ দে কিসিয়া’ শিরোনামের গানটি।
প্রযোজনা সংস্থা এমমে ইন্টারটেইনমেন্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারে ২৭ আগস্ট গানটি প্রকাশ করে। একটি টুইটে তারা লেখেন, ‘বলিউডের প্রথম স্টপ মোশন টেকনোলজি ব্যবহারে নির্মিত গান। এটি আপনার সব সময়ই মনে থাকবে।’ পাশাপাশি ‘লিপ টু লিপ দে কিসিয়া’ গানের ভিডিও লিংক শেয়ার করেন তারা।
সম্প্রতি এ গানের জন্য খবরের শিরোনামে এসেছিলেন কঙ্গনা-ইমরান জুটি। শোনা গেছে রোমান্টিক-কমেডি ঘরানার কাট্টি বাট্টি সিনেমাটিতে ‘লিপ টু লিপ কিসিয়া’ গানের জন্য ২৪ ঘণ্টা একে অপরকে চুম্বন করেছেন। এ জুটি গানটির জন্য আট ঘণ্টা করে তিন দিন দৃশ্যটিতে অংশ নিয়েছেন। এছাড়া নির্মাতারা ভারতের ইতিহাসে প্রথমবারের মতো গানটিতে ‘স্টপ মোশন টেকনোলজি’ ব্যবহার করেছেন। এ প্রযুক্তি সচারাচর আন্তর্জাতিক সিনেমাগুলোতে ব্যবহার হয়ে থাকে।
নিখিল আদভানি পরিচালিত কাট্টি বাট্টি সিনেমাটি নতুন প্রজন্মের সম্পর্কের নানা দিক নিয়ে নির্মিত। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


