অর্থনৈতিক প্রতিবেদক : অনিস্পন্ন শিল্প বিদ্যুৎ সংযোগের আবেদন নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহন করায় সরকারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানায় সংগঠনটি।
এফবিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়, বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না। এতে শিল্প প্রতিষ্ঠানসমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যাংকের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ছে। এ সমস্ত প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এফবিসিসিআই দাবি জানিয়ে আসছে।
এ প্রেক্ষাপটে অনিস্পন্ন শিল্প বিদ্যুৎ সংযোগের আবেদনসমূহ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিস্পত্তি করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানিসমূহকে নির্দেশনা দেওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সরকারকে এফবিসিসিআই ধন্যবাদ জানাচ্ছে।
বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলে এ সমস্ত শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যেতে পারবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে মনে করে এফবিসিসিআই।
প্রসঙ্গত, সম্প্রতি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সংযোগের আবেদন নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় সরকার।

