পাঞ্জেরী ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের পরামর্শক হতে আমন্ত্রণ পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি রাজ্য সরকারকে সেখানকার ক্ষীয়মান ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ পুনরুজ্জীবিত করার ব্যাপারে পরামর্শ দেবেন।
সরকারের আমন্ত্রণে আগামী ৬ সেপ্টেম্বর সেখানকার মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ড. ইউনূস রাজ্যে ক্ষুদ্র ঋণ ও উদ্যোগের ব্যাপারে ভবিষ্যৎ রূপরেখাও দেবেন।
বর্তমানে মহারাষ্ট্র রাজ্যে বহু ক্ষুদ্র উদ্যোগ ও শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ২ লাখ ৫৪ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে প্রায় ৩০ হাজার ৫৪৯টিই নানা কারণে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অর্থায়ন ও দক্ষ শ্রমিকের অভাব অন্যতম।
এ ব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙগানতিবার বলেন, ‘আমরা প্রতি বছরই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখি। কিন্তু তারপরও এসব শিল্প নানা সমস্যায় পড়ছে। আমরা এমন উদ্যোগের সফলতার পেছনের কৌশলটা তার কাছ থেকে জানতে চাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

