নিজস্ব প্রতিবেদক : ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি প্রক্রিয়ায় কম নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি করার ফলে সাড়ে ৭০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর পাচ্ছে না। ফলে সব যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথম পেশাগত পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. শামীম আহমেদ বলেন, ‘ভর্তি পরীক্ষায় কম নম্বর পাওয়া সত্ত্বেও বেসরকারি মেডিকেল কলেজগুলো ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিশেষ সুবিধায় প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থীকে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি করে। নম্বর কম নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে অনিয়ম করলে সেটা কলেজ কর্তৃপক্ষ করেছে। কিন্তু রেজিষ্ট্রেশন নম্বর না দিয়ে শিক্ষার্থীদেরকে কেন সেই অনিয়মের শাস্তি দেয়া হচ্ছে?’
তিনি বলেন, ‘কেন পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না, কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আমাদেরকে রেজিস্ট্রেশন দিতে অপারগতা প্রকাশ করেছে।’
গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জাতীয় দৈনিকে অল্প আসনে ‘বিশেষ সুবিধায়’ ১১০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সুযোগ উল্লেখ করে ভর্তির বিজ্ঞাপন দেয় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো।
এ প্রসঙ্গে শামীম আহমেদ বলেন, ‘হাইকোর্টের একটি রিট আদেশের পরিপ্রেক্ষিতে এসব শিক্ষার্থীদের ভর্তি করানো হলেও পরে সরকার পক্ষের অপর একটি আপিলের কারণে সেই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত হয়।’
কিন্তু চলতি বছর সুপ্রিম কোর্টে সরকারপক্ষ আপিল করলে ঝুলে যায় এসব শিক্ষার্থীদের ভাগ্য। বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে বিচারাধীন বলে জানান শামীম।
শামীম আহমেদ আরো বলেন, ‘শিক্ষাজীবনের মাঝপথে এসে রেজিস্ট্রেশন না দেয়া হলে আমাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। আমাদের আর অন্য কোথাও ভর্তির সুযোগ নেই।’
তিনি বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম করলে কলেজ কর্তৃপক্ষ করেছে, কিন্তু শিক্ষার্থীদের কেন বলির পাঠা বানানো হচ্ছে?’ এ পরিস্থিতিতে রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন করে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রথম পেশাগত পরীক্ষায় ৭৫০ শিক্ষার্থীকে সুযোগ দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেজওয়ান মৃধা, মহিমা আক্তার প্রমুখ।

