স্পোর্টস ডেস্ক : দুই দুবার উদ্যোগ নিয়েও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তৃতীয় প্রচেষ্টায় সফল হতে যাচ্ছে পাকিস্তান। আগামী বছরের শুরুর দিকে কাতারে পিএসএল’র প্রথম আসর অনুষ্ঠিত হবে। বুধবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এটি নিশ্চিত করেছেন।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে আফ্রিদিদের পাশপাশি ২৫ জন বিদেশি খেলোয়াড় অংশ নিবেন। বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে দুজন তারকা অংশ নিবেন। পিসিবি সূত্র এমনটাই জানিয়েছে।
প্রাথমিকভাবে ৪০ জন বিদেশি খেলোয়াড় পিএসএল খেলবেন এমনটাই আশা ছিল পিসিবির। তবে সেই সংখ্যাটাকে কমে ২৫ এ নেমেছে।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা ৪০ জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। সবাইকে না পারলেও আশা করি ২৫ জন বিদেশি খেলোয়াড় খেলার ব্যাপারে চুক্তিবদ্ধ হবেন যাদের ১৫ জনই বিশ্বমানের।’
বিদেশি খেলোয়াড়দের মধ্যে চারজন ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশ, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন করে মিলিয়ন ডলারের টুর্নামেন্টে খেলবে বলে পিসিবি চেয়ারম্যান জানান।
আগামী বছরের ৪-২৪ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে জানান নাজাম শেঠি। এর আগে ২০১৩ সালে সর্বপ্রথম পিএসএল আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে পিসিবি। তবে ২০১৪ ও ২০১৫ সালে হোঁচট খায় তারা। তৃতীয় মেয়াদে এসে মিলিয়ান ডলারের টুর্নামেন্টটি তারা আয়োজন করতে পারে কি-না সেটিই দেখার বিষয়।
২০০৯ সালে সফরকারী শ্রীলংকার টিম বাসে হামলার পর থেকেই পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে পড়ে। সেই থেকেই সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম সিরিজগুলো খেলে আসছে পাকিস্তান। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এক টুর্নামেন্টের জন্য নিজেদের মাঠগুলো বরাদ্ধ দিয়ে ফেলে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। যে কারণে দুবাই ছেড়ে কাতারে পাড়ি দিতে যাচ্ছে পাকিস্তান।

