স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন থিয়াগো আলকানতারা। নতুন চুক্তি অনুযায়ী অ্যালিয়েঞ্জ অ্যারেনার ক্লাবটিতে ২০১৯ সাল পর্যন্ত থাকবেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
২০১৩ সালে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনা ছেড়ে বায়ান মিউনিখের পাড়ি দেন আলকানতারা। এরপর থেকে চেনা কোচ পেপ গার্দিওলার ছায়ায় দারুণ পারফর্ম করে চলছেন তিনি। তাই বুন্দেসলিগা শিরোপা মিশন ধরে রাখতে ২৪ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বায়ার্ন।
জার্মানিতে পাড়ি দেয়ার পর থেকেই ইনজুরির সঙ্গে যুদ্ধ করে আসছেন আলকানতারা। তারপরও প্রতিভাবান এই তরুন ফুটবলারের আশা ছাড়ছে না বায়ার্ন। আগের চুক্তি অনুযায়ী বায়ার্নের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে তার। প্রাক্তন বার্সা তারকা নতুন চুক্তিতে সম্মত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
থিয়াগোর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পেরে রুমেনিগে বলেন, ‘আমি আনন্দিত এই কারণে যে, থিয়াগো বায়ার্নে দীর্ঘ সময় ধরে থাকার ব্যাপারে সম্মত হয়েছে। সে এখনো তরুণ এবং ক্লাবের ভবিষ্যতের জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

