বিনোদন ডেস্ক : গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নির্মিতব্য সিনেমা এপার ওপার। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আঁচল ও বাপ্পি। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। এখন চলছে ডাবিংয়ের কাজ। আগমী ২৯ আগস্ট সিনেমাটির ডাবিংয়ে অংশ নিবেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক।
এর আগে ২৬ আগস্ট সিনেমাটির ডাবিংয়ে অংশ নেয়ার কথা ছিল চিত্রনায়িকা আঁচলের। কিন্তু হঠাৎ ডাবিংয়ে অংশ না নিয়ে পরিচালককে না জানিয়ে দেশের বাইরে চলে যান আঁচল। এ নিয়ে মিডিয়া পাড়ায় শুরু হয় নানা গুঞ্জন।
এ বিষয় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘২৬ আগস্ট সিনেমাটির ডাবিংয়ে অংশ নেয়ার কথা ছিল। এখন যত দূর জানতে পেরেছি- আঁচলের খালু অসুস্থ থাকায় ডাবিংয়ে অংশ নিতে পারেনি। আগামী ২৯ আগস্ট ডাবিংয়ে অংশ নিবে আঁচল।’
এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমার খালু খুব অসুস্থ থাকায় ডাবিংয়ে অংশ নিতে পারিনি। আজই ঢাকায় আসছি। আগামী ২৯ আগস্ট সিনেমাটির ডাবিংয়ে অংশ নিব।’
এতে বাপ্পি-আঁচল ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, মোমেনাসহ আরো অনেকে।
সিনেমার গল্পে আঁচল-বাপ্পি দুজন দুই গ্রামের। একটি নদীর এপার আর ওপারের মানুষদের নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। ওপারের লোক এপারে আসতে পারে না। আবার এপারের লোকজন ওপারেও যেতে পারে না। বাপ্পি থাকে এক পারের আর অন্য পারের থাকে আঁচল। বাপ্পির পরিবার প্রতিশোধ নিতেই আঁচলকে তালাক দিতে বাধ্য করে বাপ্পিকে। এভাবেই সিনেমার কাহিনি নতুন মোড় নেয়।
গত ২২ মার্চ রাজধানীর শ্রুতি স্টুডিওতে একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে এ সিনেমার কার্যক্রম শুরু হয়। এ সময় সিনেমার পরিচালকসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ‘ও আমার বাউলারে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও কনা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটিতে মোট ছয়টি গান থাকবে।

