নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইদুল আজহা উপলক্ষে ঢাকা শহরে ৪৯৩টি স্পটে শহরবাসীকে কোরবানি দিতে অনুরোধ করেছেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয়ের সভাশেষে তিনি এ অনুরোধ জানান।
সচিব বলেন, ‘আমরা ৪৯৩টি জায়গায় কোরবানি পশু জবাই দেয়ার স্থান ঠিক করেছি। নগরবাসীর প্রতি অনুরোধ তারা যেন নির্ধারিত স্থানেই কোরবানি করেন। তবে এ ক্ষেত্রে কাউকে বাধ্য করা হবে না।’
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশু জবাইয়ের জন্য ২০টি স্পট নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সরকার সচিব আরো বলেন, ‘নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হলে সেখানে পরিচ্ছন্নতা কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। দ্রুত ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে। আর সবাই যদি বাড়ির সামনে কোরবানি দেন তাহলে ময়লা পরিষ্কার করা কঠিন হয়ে পড়বে।’
তিনি জানান, এ বছর ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি এবং উত্তর সিটিতে ৬টি, মোট ১৬টি পশুর হাট বসবে।
সচিব জানান, জনগণের চলাচলের পথে, রেললাইনের উপর যেন পশুর হাট না বসে সেজন্য সিটি করপোরেশনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোনো হাসপাতাল এলাকায় যেন পশুর হাট না বসে সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

