অর্থনৈতিক প্রতিবেদক : সরকারি ক্রয় বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)।
আগামী ১ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
কনফারেন্সের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই ক্রয় সম্পাদনের জন্য উদ্ভাবন’। মূলত ইন্টারনেটভিত্তিক দরপত্র কার্যক্রমে কারিগরী উৎকর্ষতা বাড়ানোর উপায় জানতে বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনস্থ এই প্রতিষ্ঠানটি এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।
কনফারেন্স আয়োজনের প্রয়োজনীয় অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক, ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
‘তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক পাবলিক প্রকিউরমেন্ট কনফারেন্স’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশসহ আটটি দক্ষিণ এশীয় দেশের শতাধিক সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগিদের প্রতিনিধি, বেসরকারি প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এছাড়া ল্যাটিন আমেরিকান রিজিওনাল পাবলিক প্রকিউরমেন্ট নেটওয়ার্ক, ইউরোপিয়ান প্রকিউরমেন্ট নেটওয়ার্ক এবং চাটার্ড ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড সাপ্লাই এর প্রতিনিধিরাও কনফারেন্সে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
এবারের কনফারেন্সে সভাপতিত্ব করবেন সিপিটিইউ-এর মহাপরিচালক মো. ফারুক হোসেন।
সম্মেলন সর্ম্পকে তিনি বলেন, ‘সরকারি ক্রয় কিভাবে আরো মসৃণ করা যায় সম্মেলনে এ বিষয়টি প্রাধান্য পাবে। এজন্য এ সংক্রান্ত কারিগরী উৎকর্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, আমরা মনে করি সরকারি ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত প্রফেসনাল বডি আমাদের এখানে এখনো গড়ে ওঠেনি। এ বিষয়টিকে আমরা সম্মেলনে তুলে ধরে এর সম্ভাব্য সমাধান আশা করছি। একইসঙ্গে আশা করছি এ কনফারেন্সে কিছু ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পন্ন হবে।
মহাপরিচালক আরো বলেন, সরকারি ক্রয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নিয়েও সম্মেলনে আলোচনা হবে। সর্বোপরি, সংখ্যাতাত্ত্বিক কৌশল ব্যবহার করে সরকারি ক্রয় কার্যক্রম বিষয়ক পারফরম্যান্স কিভাবে পরিমাপ করা যায় সে বিষয়টিও সম্মেলনে ওঠে আসবে।
সরকারি ক্রয়ে তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার বাড়ছে জানিয়ে সিপিটিইউ মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ ২০১১ সাল থেকে ই-গভর্ণমেন্ট প্রকিউরমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবছরের জুলাই পর্যন্ত ২৪টি মন্ত্রণালয়ের ৯৮টি সংস্থা ই-জিপি’র মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পাদন করছে। প্রকৃতঅর্থে, অনলাইন ভিত্তিক দরপত্রের মাধ্যমে সরকারি ক্রয় স্বচ্ছতা, জবাবদিহিতা, সমআচরণ ও অবাধ প্রতিযোগিতাকে অধিকতর নিশ্চিত করে’।
প্রসঙ্গত, ২০১১ সালের এপ্রিলে নেপালের কাঠমন্ডুতে প্রথমবারের মতো আঞ্চলিক পাবলিক প্রকিউরমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের মার্চে পাকিস্তানের ইসলামাবাদে এ সংক্রান্ত দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকায় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় কনফারেন্স।

