কিশোরগঞ্জ প্রতিনিধি : হঠাৎ করেই ডিমের দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হালি প্রতি (চারটি) বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। অস্বাভাবিক এ দাম বাড়ার সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছে না কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দারা। বিক্রেতারা জানান, গেল সপ্তায় ফার্মের মুরগির ডিম প্রতি হালি বিক্রি হয়েছে মাত্র ২৮ থেকে ৩০ টাকায়। অথচ এ সপ্তায় এক লাফে এ দাম বেড়ে হয়েছে ৩৮ টাকা থেকে ৪০ টাকা। এর মধ্যে দেশি মুরগির ডিমের বাজার আরো চড়া। চলতি সপ্তায় বাজারে দেখা গেছে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেক ৬০ টাকা পর্যন্ত। অথচ গত সপ্তায় এ ডিম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা হালি। মঙ্গলবার উপজেলার বাকচান্দা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ডিমের দামের অস্বাভাবিক বৃদ্ধির সত্যতা পাওয়া যায়। বাজারগুলোতে দেখা গেছে, বেশির ভাগ খুচরা বিক্রেতার কাছে আছে ডিমের সঙ্কট। ডিমের অস্বাভাবিক দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে কয়েকজন বিক্রেতা বললেন, সপ্তাহব্যাপী টানা বৃষ্টির কারণে স্থানীয় বাজার ও মনোহারী দোকানগুলোতে ডিমের আমদানি কমে গেছে। এ কারণে কিছুটা চড়া দামেই ডিম বিক্রি করতে হচ্ছে। অবশ্য এতে নিম্ন আয়ের লোকজন পড়েছে চরম বিপাকে। এদিকে, ডিমের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা বাইরে থেকে ডিম আমদানি করে দোকানে মজুত করতে শুরু করেছেন।

