নীলফামারী প্রতিনিধি : মধ্যবর্তী নির্বাচনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘যারা নির্বাচনের কথা বলছেন তারা রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টির পায়তারা করছেন। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, এমন কোনো দুর্যোগ হয়নি যে সরকারের পরিবর্তন হবে?’
মঙ্গলবার সকালে নীলফামারী সার্কিট হাউজে তৃণমুল পর্যায়ে ফুটবল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বাংলাদেশের মানুষ এখন উন্নতির স্বাদ পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে গেছে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকীর হোসেন খান, ডিএসএ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

