ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কেক না কেটে ইতিহাসের দিকে তাকান’

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট নিয়ে কেক কাটার রাজনীতি পরিহার করতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নাম উল্লেখ না করে খালেদার উদ্দেশ্য তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আজকে যারা মিথ্যাচার করছেন, বিভ্রান্ত করছেন, ১৫ আগস্ট নিয়ে যারা কেক কাটার মত রাজনীতি ও নোংরামি করছেন, তাদের আহ্বান জানাবো, আপনারা ইতিহাসের দিকে তাকান, তাহলে স্বাধীনতার আগে-পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান দেখতে পাবেন।’
বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে সচিবালয় ক্লিনিকের সামনে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী’ উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজকের এই চিত্র প্রদর্শনী সাক্ষ্য দিচ্ছে, বঙ্গবন্ধু জাতির পিতা ছিলেন। উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন। সাক্ষী দিচ্ছে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিয়েছিলেন, আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেছিলেন। সুতরাং আলোক চিত্র ছবিগুলো দেখায় বঙ্গবন্ধু স্বাধীনতার আগে-পরে কী অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন। তাই বলব আপনারা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার করবেন না। বঙ্গবন্ধু অমর ছিলেন, অমর হয়ে থাকবেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জন্মের পর এই প্রথম সচিবালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্য অধিদপ্তর চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এখানে বঙ্গবন্ধুর অত্যন্ত দুর্লভ ছবি স্থান পেয়েছে। এই চিত্র প্রদর্শনী যুগান্তকারী পদক্ষেপ, কারণ আলোকচিত্র সঠিক ইতিহাসের চর্চা করে। সঠিক ইতিহাস প্রকাশ করে। এটা আমাদের প্রথম প্রচেষ্টা। ভবিষ্যতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বড় আকারে চিত্র প্রদর্শনী করব। চিত্র প্রদর্শনীর জন্য আমাদের বছরব্যাপী প্রচেষ্টা থাকবে। এই প্রদর্শনীতে বাংলাদেশের অভ্যুদয়, বঙ্গবন্ধুর জন্ম এবং তার শাহাদতবরণ পর্যন্ত কর্মজীবনের সবকিছুই স্থান পাবে। ফটো সাংবাদিকরা যেভাবে এসব ছবি ধারণ করেছেন তাই আমরা জনসম্মুখে হাজির করব।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার ধারা ফিরিয়ে আনা হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আবার সঠিক ইতিহাস চর্চার ধারায় ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে যখন ৪০ বছর আগে নির্মমভাবে হত্যা করা হয়, তখন বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসকে, বাংলাদেশকে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল। সেই অপচেষ্টা থেকে বাংলাদেশকে আবার উদ্ধার করে সঠিক ইতিহাস চর্চার পথে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার পথে ফিরিয়ে আনার যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছেন তা প্রশংসারযোগ্য। আশা করি, আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে বাংলাদেশের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।’ এজন্য বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সচিবালয় ক্লিনিকের সামনে সোমবার শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে ২০ আগস্ট পর্যন্ত। তথ্য অধিদপ্তর আয়োজিত এই প্রদর্শনীতে স্বাধীনতার আগে-পরে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি স্থান পেয়েছে।