নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৫ আগস্ট কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের জবাব জনগণ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেবে।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে ‘সুষম উন্নয়ন: উত্তরাঞ্চলেরর অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নাসিম একথা বলেন।
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) এ সেমিনারের আয়োজন করে।
নাসিম বলেন, ১৫ আগস্ট আমাদের সমগ্র জাতির শোকের দিন। সেই দিন দেশের একজন নেত্রী খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ন হয়ে আলোকসজ্জা করে ভুয়া জন্মদিন পালন করেন। জাতির বেদনার দিনে খালেদা জিয়াকে কাটার জবাব আগামী ২০১৯ সালে ভোটের মাধ্যমে দেবে এদেশের জনগণ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, একজন মহিলা যার নাতি-নাতনির জন্মদিন পালন করার কথা, সেখানে ৭০ বছর বয়সী মহিলা তাও ভুয়া জন্মদিন পালন করে কেক কেটে। তার লজ্জা হওয়া উচিত। ভারতের স্বাধীনতা দিবসে তাদের হাইকমিশন কোনো অনুষ্ঠান করে না। সারা দেশের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায়, আর তিনি (খালেদা) কেক কেটে জন্মদিন পালন করে।
তিনি বলেন, সুষম উন্নয়নের জন্য জনগণের সরকারের ধারাবাহিকতা দরকার। সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই বিদ্যুতের উন্নয়ন হচ্ছে, জঙ্গিবাদ নির্মূল হচ্ছে। দেশের উন্নয়নে সরকারের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বিশ্বব্যাংকের সমালোচনা করে নাসিম বলেন, তারা মিথ্যা অজুহাতে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন তারাও তাদের ভুল বুঝতে পেরেছে। আজ বিশ্বব্যাংকই বলছে দারিদ্র বিমোচনে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।
সংগঠনের সভাপতি মো. মোদাব্বের হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল, উপদেষ্টা শেখ এনামুল, সাংবাদিক মুফদি আহম্মেদ, কেরামত উল্লাহ বিপ্লব, আবুল কালাম আজাদ প্রমুখ।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা এমএ আজিজ।

