নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা আর ধূম্রজাল।
বিশেষ একটি সূত্র জানিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিএনপিনেত্রীর লন্ডন যাওয়ার কথা থাকলেও সাময়িকভাবে তা স্থগিত করা হয়েছে। তবে সফর বাতিল করা হয়নি।
তবে অন্য আরেকটি সূত্র বলছে, ২০ আগস্টের মধ্যে যে কোনো দিনই সফরে যাচ্ছেন বিএনপি-প্রধান। তবে কোনো সূত্রই তিনি লন্ডন সফরে যাবেন কি যাবেন না সেই বিষয়ে সুনির্দিষ্ট করে বলতে পারেনি। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখা এবং দলের দায়িত্বশীল নেতারাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বিএনপি-নেত্রী লন্ডন সফরে যাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলছিলেন না দলটির কোনো নেতা। এর আগে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরের কথা থাকলেও সেই সফর স্থগিত করেন বিএনপিনেত্রী।
গত ১০ আগস্ট খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, মঙ্গল (১১ আগস্ট) অথবা বুধবার (১২ আগস্ট) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার এই সফরের স্থায়িত্ব হতে পারে ৭ থেকে ১০ দিন।
নির্দিষ্ট করে তারিখ উল্লেখ না করে রিপন বলেন, চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। সেজন্য সফরের তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত তিনি লন্ডন সফরে যাচ্ছেন। আর তা হতে পারে মঙ্গল অথবা বুধবার বার।
দলীয় সূত্র বলছে, ১২ আগস্ট রাতে ২০ দলীয় জোটের বৈঠকে শরিক দলের শীর্ষ নেতাদের অনেকে তার (খালেদা জিয়া) লন্ডন সফর সম্পর্কে জানতে চান। বৈঠকে তিনি আগামী ২০ আগস্টের মধ্যে লন্ডন সফরের যাওয়া বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র বলছে, লন্ডনে দীর্ঘদিন অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বিএনপিনেত্রীর এই সফরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে দলের অবস্থান এবং সর্বোপরি দল পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে। দলের কিছু অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘদিন ধরে ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন বিএনপি-প্রধান। লন্ডন গিয়ে কিছুদিন অবস্থান করে ছেলের পরামর্শ নিয়ে তিনি দলের বেশ কিছু গুরুত্বপূর্র্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান।
এদিকে লন্ডন সফরের যাওয়ার জন্য ১০ আগস্ট সন্ধ্যায় গুলশানের ‘ভিএফএস গ্লোবাল’ অফিসে গিয়ে ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেন খালেদা জিয়া।
তবে দলের একটি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে দেশ ছেড়ে লন্ডন সফরে যাচ্ছেন না খালেদা জিয়া। যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ইতিমধ্যে তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করলেও আপাতত তা স্থগিত করেছেন।
তবে এ সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করা হলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপিনেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার কিছু জানেন না বলে জানান।
তবে দলের অপর একটি সূত্র বলছে, ২০ আগস্টের মধ্যে যে কোনো দিন বিএনপি চেয়ারপারসন লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

