নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকরা। জাতির এ শোকের দিনে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করেন। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।
এ সময় ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করে, একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করার ঘোষণা দেন বক্তারা।

