নিজস্ব প্রতিবেদক : ছয় সপ্তাহের জামিনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য আজ রাতে নিউইয়র্কে যাচ্ছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।
মির্জা ফখরুলের ঘনিষ্ট কয়েকটি সূত্র আজ রাতে তার নিউইয়র্কে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে থাকবেন বলেও জানা গেছে।
৬ মাস ৮ দিন কারাবন্দি থাকার পর গত ১৫ জুলাই ৬ মাসের জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। এরপর ২৬ জুলাই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সিঙ্গাপুর যাওয়ার আগে মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমি শারীরিকভাবে খুবই অসুস্থ।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলেন মির্জা ফখরুল।

