নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জয় বাংলা ৭১ লীগ’ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিছক একটি হত্যাকাণ্ড নয় দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশের একটি হত্যাকাণ্ডই গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, সেটি হল বঙ্গবন্ধু হত্যাকাণ্ড।’
মোজাম্মেল হক বলেন, ‘যে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি এখনও জীবিত আছেন।’
তিনি বলেন, ‘কেবল মাত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং ফাঁসির রায় কার্যকর করাই নয় বাংলার মাটিতে তার স্বপ্ন এবং আদর্শ বাস্তবায়ন করতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এমএ করিম, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

