নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন।
বাসস জানায়, বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শনিবার সকালে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
১৯৩০ সালের ৮ জুলাই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যবরণ করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ বঙ্গমাতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়াও যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, মঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

