নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে নাশকতার চার মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকায় তার মুক্তিতে বাধা নেই। অপরদিকে দলের যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আজ আদালতে বিএনপির এই দুই নেতার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
জানতে চাইলে সগির হোসেন লিয়ন বলেন, ‘রিজভী সাহেবের আট মামলার মধ্যে পাঁচটিতে জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ, একটি স্থগিতাদেশ ও দুইটিতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।’
আর শামসুজ্জামান দুদুর চারটি মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তিতে বাধা নেই।’
এর আগে গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে রুহুল কবির রিজভীকে আট মামলায় এবং শামসুজ্জামান দুদুকে চার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত।
পরে রুহুল কবির রিজভীর আট মামলা ও শামসুজ্জামান দুদুর চার মামলায় জামিন স্থগিতে চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ রিজভীর আটটি মামলার মধ্যে পল্টন, মোহাম্মদপুর ও বাড্ডা থানার পাঁচটি মামলায় জামিন বহাল রাখা হয়। এছাড়া খিলগাঁও থানার একটি মামলা স্থগিত করা হয়।
পল্টন থানার অপর দুই মামলার শুনানির জন্য আগামী ৯ ও ১০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোর রাতে রিজভীকে ও ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদু গ্রেপ্তার করে পুলিশ।

