নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হলে আওয়ামী লীগের পরাজয় হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এজন্য নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম অনুসরণ করারও আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জোষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, ‘এই চোখের (বঙ্গবন্ধু) দিকে তাকালে কোনো কমীর পক্ষে অপরাধ করা সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। এ বিশ্বাস থেকে যদি আমরা বিচ্যুত হই, চোখ সরিয়ে নেই ওই চোখ থেকে (বঙ্গবন্ধু) আমাদের পরাজয় অবশ্যম্ভাবী।
শেখ কামালের স্মৃতি চারণ করে তিনি বলেন, আমরা জয়ী হতে চাই। তাই বঙ্গবন্ধু ও শেখ কামালের আদর্শগুলো আমাদের বেশি অনুসরণ করতে হবে। তাহলেই আমদের কেউ পরাজিত করতে পারবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস দূর করতে যুদ্ধ করছেন। এই যুদ্ধে আমাদেরও সহযাত্রী হতে হবে। এর মাধ্যমেই দেশ আরো এগিয়ে যাবে।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, শিক্ষণ ও প্রশিক্ষণ সম্পাদক মিজানুল ইসলাম মিজু, উপ-সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।

