নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে সরকারের ‘অনুগত’ লোকের দ্বারা গঠিত অভিযোগ করে এর পুনর্গঠন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন প্রয়োজন। তবে এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কারণ সেখানে সরকারের অনুগত লোকেরা রয়েছে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা যুবদলের উদ্যোগে গ্রেফতার হওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল নেতা-কর্মীর মুক্তি এবং তাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোমান বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, এই দাবি সমগ্র জাতির। জনগণ ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে। ওই নির্বাচনে দেশের জনগণ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি।’
তিনি বলেন, ‘বুলেটের চেয়ে শক্তিশালী যে ব্যালট পেপার তা আজ অবাঞ্চিত। দেশের মানুষ তার ভোট প্রয়োগ করতে পারছে না।’
ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে মন্তব্য করেন তিনি বলেন, ‘এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের আন্দোলন। জনগণকে সম্পৃক্ত করতে না পারলে আন্দোলন সফল হবে না। তাই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। এজন্য এলাকায় এলাকায় ছোট ছোট সমাবেশ করার মধ্য দিয়ে গণজাগরণ সৃষ্টি করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নোমান।’
বিরোধী দলের যে সব নেতা-কর্মী সরকারের হামলা মামলাকে ভয় পায় না, তাদেরকেই কারাগারে বন্দি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘সরকার দেশ পরিচালনা করছে না, এরা জোর করে শাসন করছে। তারা জনগণের ভোটে সংসদ বা সরকার গঠন করেনি। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকার অবৈধ, পার্লামেন্টও অবৈধ। এই পার্লামেন্টে যে সব আইন করা হচ্ছে তাও অবৈধ। এটা একটি দণ্ডনীয় অপরাধ। এর বিচার কোনো না কোনো সময় হবেই।’
দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ তুলে ধরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে নোমান বলেন, ‘জিয়াউর রহমানের চেতনা লুটপাট নয়, তার চেতনা হচ্ছে গণতন্ত্র, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি। যে কারণে দেশের স্বাধীনতকামী মানুষ একাত্তর সালে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। যে উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল, তা আজ ভুলণ্ঠিত করেছে এই সরকার।’
ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলালসহ বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, রফিক শিকদার, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী রফিক প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের নেতা সাইফুদ্দিন মনি, খন্দকার লুৎফর রহমান।

